Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / অক্টোবরের এমপিও বিল ২৭ অক্টোবরের মধ্যে সাবমিটের নির্দেশ - Chief TV

অক্টোবরের এমপিও বিল ২৭ অক্টোবরের মধ্যে সাবমিটের নির্দেশ - Chief TV

2025-10-26  ডেস্ক রিপোর্ট  156 views
অক্টোবরের এমপিও বিল ২৭ অক্টোবরের মধ্যে সাবমিটের নির্দেশ - Chief TV

চলতি অক্টোবর মাসের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও বিল আগামী ২৭ অক্টোবরের মধ্যে অনলাইনে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রোববার (২৬ অক্টোবর) অধিদপ্তরের ইএমআইএস সেল থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ২০২৫ সালের জানুয়ারি থেকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে প্রদান করা হচ্ছে। জুলাই পর্যন্ত বেতন সরাসরি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবেই পাঠানো হয়েছে। আগস্ট থেকে অনলাইনে এমপিও বিল দাখিলের জন্য প্রতিষ্ঠানপ্রধানদের apps.emis.gov.bd ওয়েবসাইটে লগইন করে বিল সাবমিট করার ব্যবস্থা করা হয়েছে।

প্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে, প্রত্যেক শিক্ষক ও কর্মচারীর প্রাপ্য এমপিও সঠিকভাবে যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যে বিল জমা দিতে হবে। কারণ, ইএফটিতে অর্থ প্রেরণ এই তথ্যের ওপর নির্ভর করবে। কোনো ভুল তথ্যের কারণে বেতন না পৌঁছালে এর দায়ভার প্রতিষ্ঠানপ্রধানকেই বহন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো শিক্ষক বা কর্মচারী মৃত্যুবরণ, পদত্যাগ, বরখাস্ত বা অনুপস্থিতির কারণে আংশিক বা পূর্ণ বেতন কর্তনের প্রয়োজন হলে সেটিও অনলাইনে বিল সাবমিটের সময় উল্লেখ করতে হবে। প্রতিষ্ঠানপ্রধানের জমাকৃত তথ্যই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।

নির্দেশনায় সতর্ক করা হয়েছে, ২৭ অক্টোবরের মধ্যে এমপিও বিল অনলাইনে দাখিল না করলে ইএফটিতে অর্থ প্রেরণের প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তাই নির্ধারিত সময়সীমা মেনে তথ্য আপলোড করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের অনুরোধ জানানো হয়েছে।


Share:

Single Page