Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ভারত থেকে দ্রুত ফিরিয়ে আনা হবে - Chief TV

ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ভারত থেকে দ্রুত ফিরিয়ে আনা হবে - Chief TV

2026-06-26  ডেস্ক রিপোর্ট  23 views
ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ভারত থেকে দ্রুত ফিরিয়ে আনা হবে - Chief TV

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শহীদ ওসমান হাদি হত্যা মামলার তিন আসামিকে ভারত থেকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে সরকার আশা করছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রত্যর্পণের উদ্যোগ নেওয়া হয়েছে।   

শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।   

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওসমান হাদি হত্যা মামলার তিন আসামিকে ভারত সরকার গ্রেপ্তার করেছে এবং তারা সম্ভবত কলকাতায় অবস্থান করছেন। ভারতীয় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এদিকে বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্র ইতোমধ্যে পাঠিয়েছে।   

তিনি বলেন, সরকার আশাবাদী যে আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। একই সঙ্গে মামলার অসম্পূর্ণ তদন্ত শেষ করে চার্জশিট দাখিলের কাজও এগিয়ে নেওয়া হবে।   

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদকে গ্রেপ্তারের পর সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল পুলিশ ই-মেইলে বাংলাদেশকে বিষয়টি জানিয়েছে। তাকে দেশে ফিরিয়ে দিতে ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথি চাওয়া হয়েছিল। বাংলাদেশ সরকার মাত্র তিন দিনের মধ্যেই সেসব নথি প্রস্তুত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই সরকারের কাছে পাঠিয়েছে।   

তবে বেনজীর আহমেদকে দেশে ফেরানোর বিষয়ে আরব আমিরাত সরকারের পক্ষ থেকে এখনো নতুন কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি। এ বিষয়ে দ্রুত অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।   

সীমান্ত পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, কাউকেই জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, ভারতে কোনো বাংলাদেশি নাগরিক অবস্থান করলে তাদের তালিকা কূটনৈতিক মাধ্যমে পাঠাতে আহ্বান জানানো হয়েছে। নাগরিকত্ব যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।  


Share: