Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আঞ্চলিক / পুকুরে ডুবে একসঙ্গে ৩ বোনের মৃত্যু- Chief TV

পুকুরে ডুবে একসঙ্গে ৩ বোনের মৃত্যু- Chief TV

2025-10-25  ডেস্ক রিপোর্ট  205 views
পুকুরে ডুবে একসঙ্গে ৩ বোনের মৃত্যু- Chief TV

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে বাড়ির পাশের পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার উত্তর পারুয়ার দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন শিশু হলো—স্থানীয় মো. রাজুর মেয়ে সুমাইয়া আক্তার (১১), পাশের বাড়ির মো. কালু মিয়ার মেয়ে রুবিনা পারভীন হাবীবা (৭) এবং পারুয়া সাহাব্দীনগর গ্রামের প্রবাসী মো. নাসেরের মেয়ে জান্নাত আক্তার (১০)। নিহত সুমাইয়া ও জান্নাত আপন খালাতো বোন এবং নিহত হাবীবা সুমাইয়ার চাচাতো বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জান্নাত তার মামার সঙ্গে উত্তর পারুয়া গ্রামে খালার বাড়িতে বেড়াতে আসে। মামা ও বোনদের গল্প করার সময় দুই খালাতো বোন স্থানীয় মসজিদের পুকুরে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তাদের সঙ্গে যোগ দেয় হাবীবাও।

গোসল করার একপর্যায়ে তাদের স্বজনরা ঘরে ফিরিয়ে আনলেও পরক্ষণেই তারা আবারও সবার অগোচরে পুকুরে নেমে তলিয়ে যায়। তাদের দেখতে না পেয়ে স্বজনরা পুকুরে গিয়ে দেখতে পান, তিনজনই ডুবে ভেসে উঠেছে। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

একইদিন রাত সাড়ে ৮টার দিকে সুমাইয়া ও হাবিবার এবং রাত ১০টার দিকে জান্নাতের নামাজে জানাজা শেষে তাদের দাফন করা হয়।

স্থানীয় মোহাম্মদ হারুন সওদাগর জানান,

“শিশুগুলোকে তাদের স্বজনরা দুইবার পুকুর থেকে ফিরিয়ে এনেছিল। কিন্তু তারা আবারও সবার অজান্তে পুকুরে গিয়ে এই দুর্ঘটনার কবলে পড়ে। মাত্র ১৩ দিন আগে সুমাইয়া ও জান্নাতের নানি মারা গিয়েছিলেন। সেই শোক কাটাতে ভাগনি জান্নাতকে নিয়ে বোনের বাড়ি এসেছিল মামা লোকমান।”

এ বিষয়ে পারুয়া ইউপি চেয়ারম্যান একতেহার হোসেন বলেন,

“তিনটি নিষ্পাপ শিশুর এমন মৃত্যুর ঘটনা আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে। পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।”


Share: