Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আঞ্চলিক / সেই তিন স্কুলছাত্রকে পাওয়া গেল, স্কুল ফাঁকি দিয়ে গিয়েছিল কক্সবাজারে- Chief TV

সেই তিন স্কুলছাত্রকে পাওয়া গেল, স্কুল ফাঁকি দিয়ে গিয়েছিল কক্সবাজারে- Chief TV

2025-11-11  ডেস্ক রিপোর্ট  180 views
সেই তিন স্কুলছাত্রকে পাওয়া গেল, স্কুল ফাঁকি দিয়ে গিয়েছিল কক্সবাজারে- Chief TV


চট্টগ্রামের কর্ণফুলীতে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। সোমবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া তিন ছাত্র হলো— কর্ণফুলী উপজেলার আবুল কাসেমের ছেলে মনির হোসেন, মোহাম্মদ আলীর ছেলে আকিবুল আলী এবং খান আতাউর হোসেনের ছেলে খান মাহিন। তিনজনেরই বয়স ১৩ বছর এবং তারা স্থানীয় আজিম-হাকিম স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। সোমবার সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তারা নিখোঁজ ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, মনির, আকিব ও মাহিন স্কুল ফাঁকি দিয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে। সোমবার সকালে স্কুলে যাওয়ার কথা বলে তারা বাবার পকেট থেকে টাকা নেয়— একজন ৫ হাজার, আরেকজন ১ হাজার টাকা নিয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী সরাসরি কক্সবাজারে চলে যায়।

এদিকে, তারা নির্ধারিত সময়ে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিকেলে কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। রাতে ট্যুরিস্ট পুলিশ অভিযান চালিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তিনজনকে উদ্ধার করে।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, “পরিবারের জিডি করার পর আমরা অভিযান চালাই এবং সুগন্ধা পয়েন্ট থেকে তিনজনকে উদ্ধার করি। তখনও তাদের পরনে স্কুল ইউনিফর্ম ছিল।”

এ বিষয়ে আজিম-হাকিম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, “সোমবার সকালে স্কুলে আসার কথা বলে তারা বাসা থেকে বের হয়েছিল, কিন্তু আর স্কুলে আসেনি। পরে জানতে পারি, তারা বাসা থেকে টাকা নিয়ে কক্সবাজারে চলে গেছে। পুলিশের সহায়তায় শেষ পর্যন্ত তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।”


Share: