Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / সেনাবাহিনীর মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী - Chief TV

সেনাবাহিনীর মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী - Chief TV

2026-07-07  ডেস্ক রিপোর্ট  28 views
সেনাবাহিনীর মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী - Chief TV

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৭ জুলাই) সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৮ বীর-এর প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হয়ে তিনি মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে সময় কাটান।

সকাল ৯টা ২০ মিনিটে প্রশিক্ষণ এলাকায় পৌঁছে প্রধানমন্ত্রী বিস্তীর্ণ এলাকা পায়ে হেঁটে ঘুরে দেখেন। এ সময় তিনি মহড়ার বিভিন্ন কার্যক্রম, কৌশলগত প্রস্তুতি এবং সেনাসদস্যদের প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত অবহিত হন।

মহড়ার সময় প্রধানমন্ত্রী ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে প্রশিক্ষণের অগ্রগতি সম্পর্কে জানতে চান। তিনি একজন কমান্ডারের অপারেশনাল নির্দেশনা শোনার পাশাপাশি সেনাসদস্যদের পরিচালিত ‘রেইড’ মহড়াও প্রত্যক্ষ করেন।

এ সময় যুদ্ধক্ষেত্রে সেনাসদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার ও বাস্তবভিত্তিক প্রশিক্ষণের বিভিন্ন দিক ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। তিনি সেনা বাঙ্কারে নেমে কর্মকর্তাদের সঙ্গে কৌশলগত বিষয় নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি ছদ্মবেশে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের কাছেও গিয়ে তাদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ দেন।

পরে প্রধানমন্ত্রী মহড়ায় অংশ নেওয়া সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চা পান করেন। সরকারপ্রধানের সঙ্গে সরাসরি সময় কাটাতে পেরে উপস্থিত সেনাসদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট মোকাবিলা ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।


Share: