Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আন্তর্জাতিক / শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান - Chief TV

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান - Chief TV

2026-01-06  ডেস্ক রিপোর্ট  63 views
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান - Chief TV

জাপানের পশ্চিমাঞ্চলের চুগোকু অঞ্চলে মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ২। তবে এ ঘটনার পর সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।

রয়টার্স, এএফপি ও জাপান টাইমসসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে শিমানে প্রিফেকচারকে কেন্দ্র করে এই ভূমিকম্প আঘাত হানে। এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৮ বলে জানিয়েছে। জাপানের ইয়াসুগি শহরে শিন্দো স্কেলে কম্পনের মাত্রা পাঁচের কিছুটা বেশি রেকর্ড করা হয়। এই মাত্রার কম্পনে ভারী আসবাবপত্র সরে যেতে পারে এবং যানবাহন চালাতে অসুবিধা দেখা দিতে পারে।

জেএমএ আরও জানায়, একই এলাকায় পরপর কয়েকটি ছোট মাত্রার ভূমিকম্পও অনুভূত হয়েছে, যার মাত্রা ছিল ৩ দশমিক ৮ থেকে ৫ দশমিক ৪ এর মধ্যে। এসব ক্ষেত্রেও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

সম্প্রচারমাধ্যম এনএইচকের বরাতে জানা গেছে, চুগোকু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি নিশ্চিত করেছে যে সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত শিমানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো ক্ষয়ক্ষতির খবর নেই।

এদিকে রেল অপারেটর জেআর ওয়েস্ট জানিয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিনকানসেন বুলেট ট্রেন নেটওয়ার্কের কিছু অংশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে এই বিভ্রাট ভূমিকম্পের সঙ্গে সরাসরি সম্পর্কিত কি না, তা এখনো স্পষ্ট নয়।

উল্লেখ্য, জাপান ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে অন্যতম। ২০১১ সালের ফুকুশিমা ভূমিকম্প ও সুনামির পর দীর্ঘ সময় বন্ধ থাকার পর সংশ্লিষ্ট পারমাণবিক ইউনিটগুলো ২০২৪ সালের ডিসেম্বর থেকে ধীরে ধীরে পুনরায় চালু করা হয়েছে।


Share:

Single Page