Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান - Chief TV

শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান - Chief TV

2026-06-16  ডেস্ক রিপোর্ট  33 views
শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান - Chief TV

আগামীকাল বুধবার চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। এ উপলক্ষে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং জনপ্রতিনিধিদের মধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

জানা গেছে, কর্মসূচির আওতায় মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। পাশাপাশি আরও ১২০ জনকে বিভিন্ন ধরনের সরকারি অনুদান ও সহায়তা প্রদান করা হবে। ফলে প্রধানমন্ত্রীর হাত থেকে মোট ২৭৫ জন উপকারভোগী সহায়তা গ্রহণ করবেন।

সরকারি সহায়তার আওতায় ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, হৃদরোগ, প্যারালাইসিস ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের এককালীন আর্থিক অনুদান দেওয়া হবে। এছাড়া ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষার্থীদের শিক্ষাসহায়তা, চা-শ্রমিকদের আবাসন সুবিধা এবং দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন মানুষের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।

মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, নির্বাচনী জনসভায় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে আসছেন। সরকার গঠনের কয়েক মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে তার এ সফর এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। আবহাওয়া কিছুটা প্রতিকূল হলেও অনুষ্ঠান সফল করতে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান জানান, সফরসূচি পাওয়ার পর থেকেই প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। মঞ্চ নির্মাণ, বসার ব্যবস্থা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক সমন্বয়ের কাজ চলছে। তিনি বলেন, যাচাই-বাছাই শেষে ১৫৫ জন প্রকৃত সুবিধাভোগীর তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং অনুষ্ঠানটি সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।


Share: