Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর - Chief TV

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর - Chief TV

2026-01-12  রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি  159 views
ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর - Chief TV

এখন পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়েছে বলে আমি মনে করি না। সরকার অস্ত্র উদ্ধার করতে পারেনি। আমরা খুব উদ্বিগ্ন—এটি সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১২ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আশাবাদী যে নির্বাচন চলাকালীন সময়ে দেশের পরিস্থিতির উন্নতি হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো রয়েছে। নির্বাচনি প্রচারণা শুরু হলে প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে।

পানি চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, জনগণের সঙ্গে আমাদের একটি কমিটমেন্ট আছে। তিস্তা, পদ্মা ও অন্যান্য অভিন্ন নদী—যেগুলো রয়েছে—সবগুলোর বিষয়ে আমরা ভারতের সঙ্গে আলোচনা করব। আমরা তাদের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করব। দুই দেশের পারস্পরিক সম্মানকে গুরুত্ব দিয়েই আমরা আমাদের দাবি আদায়ের চেষ্টা করব। ভারতের সঙ্গে সঠিক কূটনৈতিক আচরণ করতে পারলে তাদের বিরূপ আচরণও কমে যাবে।

ভারতে বিশ্বকাপ প্রসঙ্গে তিনি বলেন, ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি জড়িত রয়েছে, দেশের সম্মানও জড়িত আছে। নিঃসন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। আমরা মনে করি, এটি আমাদের দেশকে অপমান করার শামিল। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত। তবে এটাও মনে করি, ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত।

বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে সরকার গঠন হলে ফ্যাসিস্ট সরকার গঠিত হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, যারা সব সময় ফ্যাসিস্টদের ভয় দেখিয়ে এসেছে, নিজেরা কোনো কাজ করে না, বিদেশে থেকে বড় বড় কথা বলে—তাদের কাছেই এসব মনে হয়। আমরা এসব নিয়ে ভয় করি না। আমরা ফ্যাসিস্টকে তাড়াতে জানি, মার খেতেও জানি এবং প্রয়োজনে মোকাবিলা করতেও জানি।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


Share: