ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভিক্ষা করে জমানো টাকা থেকে স্বতন্ত্র প্রার্থী মো. সালমান ওমরকে ৭০ টাকা নির্বাচনী খরচ দিয়েছিলেন ৭১ বছর বয়সী রিনা স্নাল। নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হওয়ার পর নিজের প্রথম মাসের সম্মানীর অর্থ দিয়ে সেই বৃদ্ধার জন্য নতুন ঘর নির্মাণ করে দিয়েছেন তিনি।
শনিবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের নামছাপাড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে নতুন ঘরটি রিনা স্নালের কাছে হস্তান্তর করেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মো. সালমান ওমর রুবেল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা নামছাপাড়া গ্রামের বাসিন্দা রিনা স্নালের স্বামী কেন্দ্র তজু কয়েক বছর আগে মারা যান।
জীবদ্দশায় তিনি বাঁশ ও বেতের কাজ করে সংসার চালাতেন। স্বামীর মৃত্যুর পর রিনা স্নাল কিছুদিন দিনমজুরি করলেও বয়স ও শারীরিক দুর্বলতার কারণে পরে ভিক্ষাবৃত্তিকেই জীবিকার একমাত্র অবলম্বন হিসেবে বেছে নেন।
তার একমাত্র ছেলে বিয়ের পর আলাদা হয়ে যান এবং বর্তমানে সিরাজগঞ্জে দিনমজুর হিসেবে কাজ করেন। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ একটি ঘরে একাই বসবাস করছিলেন রিনা স্নাল। স্থানীয়দের ভাষ্য, তার দেখভালের তেমন কেউ ছিল না এবং ভিক্ষা করেই তার দৈনন্দিন জীবন চলত।
সংসদ সদস্য মো. সালমান ওমর রুবেল বলেন, নির্বাচনের সময় রিনা স্নাল ভিক্ষা করে পাওয়া টাকা থেকে ৭০ টাকা তার নির্বাচনী তহবিলে দিয়েছিলেন। একজন অসহায় মানুষের সেই ভালোবাসা ও আস্থার প্রতিদান হিসেবেই নিজের প্রথম মাসের সম্মানীর অর্থ দিয়ে তার জন্য একটি নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত রিনা স্নাল বলেন, জীবনের এই বয়সে নতুন ঘরে থাকার সুযোগ পাবেন, তা কখনো ভাবেননি। যারা তাকে এই ঘর করে দিয়েছেন, তাদের জন্য তিনি দোয়া করেন।