আন্তর্জাতিক আইন যুক্তরাষ্ট্র নিজের জন্য প্রযোজ্য মনে করে না এবং তারা নিজেদের সব ধরনের আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে ভাবছে—এমন মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সোমবার (১৯ জানুয়ারি) ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
গুতেরেস বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ক্রমেই বেপরোয়া ও দায়িত্বহীন আচরণ করছে। দেশটি মনে করছে, আন্তর্জাতিক আইন বা বহুপাক্ষিক ব্যবস্থার চেয়ে তাদের ক্ষমতা ও প্রভাব বেশি গুরুত্বপূর্ণ। এ কারণেই আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর প্রয়োজনীয়তাকেও তারা তেমন গুরুত্ব দিচ্ছে না।
এমন এক সময়ে গুতেরেস এই মন্তব্য করলেন, যখন ভেনিজুয়েলায় বড় পরিসরের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র দেশটির প্রেসিডেন্টকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত করার হুমকি দিয়ে আসছেন।
জাতিসংঘ মহাসচিবের মতে, এসব ঘটনায় আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তি ও জাতিসংঘের প্রাতিষ্ঠানিক কাঠামো এখন মারাত্মক হুমকির মুখে পড়েছে।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই জাতিসংঘের তীব্র সমালোচনা করে আসছেন। ট্রাম্পের দাবি, তিনি এককভাবে সাতটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন এবং এসব ক্ষেত্রে জাতিসংঘ কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি।
এমনকি জাতিসংঘ সাধারণ পরিষদের এক অধিবেশনেও দীর্ঘ বক্তব্যের শেষে ট্রাম্প মন্তব্য করেন, বর্তমান বাস্তবতায় জাতিসংঘের প্রয়োজনীয়তা আর নেই বলেই তিনি মনে করেন।
এ প্রসঙ্গে আক্ষেপ প্রকাশ করে অ্যান্তোনিও গুতেরেস বলেন, জাতিসংঘ প্রতিষ্ঠার পর এই প্রথম কোনো রাষ্ট্রপ্রধান প্রকাশ্যে এ ধরনের মন্তব্য করেছেন, যা সংস্থাটির জন্য অত্যন্ত উদ্বেগজনক।