Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / ফেসবুকে এক সপ্তাহে তারেক রহমানকে নিয়ে ২৯টি ভুয়া তথ্য শনাক্ত - Chief TV

ফেসবুকে এক সপ্তাহে তারেক রহমানকে নিয়ে ২৯টি ভুয়া তথ্য শনাক্ত - Chief TV

2026-02-02  ডেস্ক রিপোর্ট  105 views
ফেসবুকে এক সপ্তাহে তারেক রহমানকে নিয়ে ২৯টি ভুয়া তথ্য শনাক্ত - Chief TV

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত এক সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ থেকে ছড়ানো প্রায় ১৯০টি ভুয়া তথ্য শনাক্ত করেছে বিভিন্ন ফ্যাক্ট–চেকিং প্রতিষ্ঠান।

রিউমর স্ক্যানার, ফ্যাক্ট ওয়াচ, ডিসমিসল্যাব, বাংলা ফ্যাক্ট ও দ্য ডিসেন্টের যৌথ বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, গত সাত দিনে শনাক্ত ভুয়া তথ্যের মধ্যে ৯৩টিই সরাসরি নির্বাচনকেন্দ্রিক। একক ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি ভুয়া তথ্য ছড়ানো হয়েছে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে—মোট ২৯টি।

এ ছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও ভুল তথ্যের শিকার হয়েছেন।

তারেক রহমানের পর সবচেয়ে বেশি ভুয়া তথ্য ছড়ানো হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ঘিরে। পাশাপাশি জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকেও লক্ষ্য করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।

ফ্যাক্ট–চেক বিশ্লেষণে দেখা যায়, তারেক রহমানের বক্তব্য বিকৃত করে ভুয়া উদ্ধৃতি প্রচার করা হয়েছে। এমনকি তার মেয়ে জাইমা রহমানের বিয়ে নিয়ে বানানো একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়ানো হয়, যা একটি সংবাদমাধ্যমের ডিজাইনের আদলে তৈরি করা হয়েছিল। যাচাইয়ে দেখা গেছে, ওই সংবাদমাধ্যম এমন কোনো ফটোকার্ড প্রকাশই করেনি।

আরেক ঘটনায় তারেক রহমানকে ছেঁড়া জুতা পরে বক্তব্য দিচ্ছেন—এমন দাবি করে একটি ভিডিও ছড়ানো হয়। পরে জানা যায়, সেটি নাইকি ব্র্যান্ডের জুতা, যার নকশাই এমন—ছেঁড়া নয়।

এ ছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর কারামুক্তি ও বিএনপিতে যোগদানের দাবিতে একটি ছবি প্রচার করা হয়, যা পরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে প্রমাণিত হয়।

পুলিশের বক্তব্য দাবি করে “দুই দেশের নাগরিকত্ব থাকা সত্ত্বেও কেন তারেক রহমান নির্বাচন করতে পারবেন”—এমন একটি ভিডিও এবং তারেক রহমানের নামে নতুন ফেসবুক পেজ খোলার আহ্বান জানানো একটি ডিপফেক ভিডিওও শনাক্ত হয়েছে। দুটিই এআই প্রযুক্তিতে বানানো।

গত সপ্তাহে শেখ হাসিনাকে নিয়ে ৯টি, জামায়াত আমির শফিকুর রহমানকে নিয়ে ৭টি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ৬টি এবং মির্জা আব্বাসকে নিয়ে ৫টি ভুয়া তথ্য শনাক্ত করা হয়েছে।

এ ছাড়া নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে ৪টি, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিয়ে ৪টি, এনসিপির নেতা ও কুমিল্লা–৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহকে নিয়ে ৪টি এবং ঢাকা–৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাকে নিয়ে ৩টি বিভ্রান্তিকর তথ্য পাওয়া গেছে।

ফ্যাক্ট–চেকিং সংস্থাগুলোর হিসাবে, শনাক্ত ১৯০টি ভুয়া তথ্যের মধ্যে রিউমর স্ক্যানার পেয়েছে ১২৬টি, ফ্যাক্ট ওয়াচ ২৩টি, ডিসমিসল্যাব ১৫টি, বাংলা ফ্যাক্ট ১৫টি এবং দ্য ডিসেন্ট ১১টি। এর মধ্যে ৯৩টিই নির্বাচনসংক্রান্ত।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবরের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে, আর ফ্যাক্ট–চেকিং সংস্থাগুলো বলছে—নির্বাচন ঘিরে বিভ্রান্তিকর তথ্যের পরিমাণ দিন দিন বাড়ছে।


Share: