Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / ফল উৎসব-২০২৬-এ স্পিকারের অংশগ্রহণ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান - Chief TV

ফল উৎসব-২০২৬-এ স্পিকারের অংশগ্রহণ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান - Chief TV

2026-06-25  ডেস্ক রিপোর্ট  29 views
ফল উৎসব-২০২৬-এ স্পিকারের অংশগ্রহণ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান - Chief TV

বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’-এ অংশ নিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি বলেছেন, এই ব্যতিক্রমী আয়োজন সাধারণ মানুষের কাছেও ছড়িয়ে দেওয়া উচিত। তিনি বস্তুনিষ্ঠ ও পক্ষপাতহীন সাংবাদিকতার মাধ্যমে জাতীয় সংসদকে আরও মহিমান্বিত করার আহ্বান জানান।

বুধবার জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, বর্তমান জাতীয় সংসদ একটি প্রাণবন্ত ও জনপ্রতিনিধিত্বমূলক সংসদ, যা সুষ্ঠু ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে। জনগণ দীর্ঘদিন ধরে এমন একটি সংসদের প্রত্যাশা করে এসেছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিজেএ সভাপতি হারুন জামিল এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেন, এ ধরনের আয়োজন সাংবাদিকদের সঙ্গে সংসদের সম্পর্ক আরও সুদৃঢ় করে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সহায়ক ভূমিকা রাখে।

চিফ হুইপ মো. নূরুল ইসলাম এমপি বলেন, ফল উৎসবের মতো আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সুসম্পর্ক আরও দৃঢ় করবে। তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকরা জাতীয় সংসদের কার্যক্রম ও জনগণের প্রত্যাশার মধ্যে আরও কার্যকর সেতুবন্ধন তৈরি করবেন।

অনুষ্ঠানে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সরকারদলীয় হুইপ জি কে গউছ, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, আখতারুজ্জামান মিয়া, এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), জাতীয় সংসদের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংসদ সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক এবং বিপিজেএর নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে স্পিকার ‘ফল উৎসব-২০২৬’ সফলভাবে আয়োজনের জন্য বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান।


Share: