গাজীপুরে এক রাতে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে রাত ৩টার মধ্যে পৃথক তিন স্থানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসন, ঢাকা-ময়মনসিংহ সড়কের শ্রীপুর এবং চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় থেমে থাকা তিনটি বাসে এ আগুন দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে চক্রবর্তী এলাকার জ্যোতি পাম্পের পাশে একটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় এক মিস্ত্রি বাসের নিচে শুয়ে মেরামতের কাজ করছিলেন। হঠাৎ একটি মোটরসাইকেলে করে আসা দুই যুবক দাহ্য পদার্থ নিক্ষেপ করে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এর কিছুক্ষণ পর রাত আড়াইটার দিকে নগরীর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসন এলাকায় সড়কের পাশে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
একই সময়ে জেলার শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশে থেমে থাকা আরেকটি বাসে দাহ্য পদার্থ নিক্ষেপ করে কয়েকজন যুবক আগুন ধরিয়ে দেয়। পরে পাশের একটি মার্কেটের নিরাপত্তা প্রহরীর খবর পেয়ে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে। তবে আগুনে বাসটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।
এ বিষয়ে গাজীপুর জেলা পুলিশ সুপার ডা. মো. জাবের সাদেক বলেন,
“গাজীপুরে এক রাতে তিনটি স্থানে পরিবহনে আগুনের খবর পাওয়া গেছে। আমরা তদন্ত করছি কারা এসব কাণ্ডের সঙ্গে জড়িত। দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”