নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচ লাখ টাকা আত্মসাতের উদ্দেশ্যে এক বিকাশ ব্যবসায়ীকে হত্যা করে তোশকে মুড়িয়ে লাশ সড়কের পাশে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাতে ফতুল্লার মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে গ্যারেজ মালিক ও এক ইজিবাইক চালককে আটক করে।
নিহত মোতালেব (৬৫) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের মৃত সোলেমান মিয়ার ছেলে। তিনি ফতুল্লার মাসদাইর এলাকায় পরিবারসহ বসবাস করতেন এবং স্থানীয় বাজারে বিকাশ ও বইয়ের ব্যবসা করতেন।
পরিবারের অভিযোগ, ব্যবসায়িক লেনদেনে জাকির হোসেন নামে এক ব্যক্তির কাছে তার প্রায় পাঁচ লাখ টাকা পাওনা ছিল। সেই টাকা আত্মসাতের উদ্দেশ্যেই মোতালেবকে বাসায় ডেকে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হত্যার পর মরদেহ একটি তোশকে মুড়িয়ে ইজিবাইকে করে সড়কের পাশে ফেলে দেওয়া হয়। পরে সিসিটিভি ফুটেজ ও তথ্যের ভিত্তিতে ইজিবাইক চালক ও গ্যারেজ মালিককে আটক করা হয়।
ইজিবাইক চালক পুলিশকে জানিয়েছেন, তাকে টাকা দিয়ে একটি তোশক রাস্তার পাশে ফেলে দিতে বলা হয়েছিল। পরে তিনি বিষয়টি বুঝতে পারেন।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, জাকির হোসেন নিহত মোতালেবকে হাসিমুখে কাঁধে হাত রেখে তার বাসায় নিয়ে যাচ্ছেন। এরপর সেখান থেকেই তোশকে মোড়ানো মরদেহ ইজিবাইকে তোলা হয়।
ঘটনার পর থেকে অভিযুক্ত জাকির হোসেন ও তার পরিবার পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার করা গেলে হত্যার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।