চাঁদপুর সদর উপজেলার ১১নং ইব্রাহীমপুর ইউনিয়নে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের উদ্যোগে উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলা এ কর্মসূচিতে গ্রাম থেকে গ্রাম, বাড়ি থেকে বাড়ি মানুষের ব্যাপক অংশগ্রহণ ও উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সকালে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চরমুকুন্দী এলাকা থেকে গণসংযোগের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর সকাল সোয়া ৯টায় চরমুকুন্দী কমিউনিটি ক্লিনিক মাঠে বাজার এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল পৌনে ১১টায় ৫নং ওয়ার্ডের ঈদগাঁ বাজারে, বেলা ১২টায় ৬নং ওয়ার্ডের উত্তর চরফতেজংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং দুপুর পৌনে ১টায় টেকের বাজারে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সম্মিলিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এছাড়া বিকেল সোয়া ৩টায় ৩নং ওয়ার্ডের ৯২নং মধ্য সাখুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং বিকেল সাড়ে ৪টায় ২নং ওয়ার্ডের পূর্ব সাখুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় পুরো ইউনিয়নজুড়ে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক গণসংযোগ করেন।
একাধিক উঠান বৈঠকে চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেন,
“আপনারা যদি ধানের শীষে ভোট দেন, তাহলে এ এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব হবে। আপনাদের ভোটে বিজয়ী হয়ে আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। সবাই ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন এবং পরিবারের কাউকেই ভোট দেওয়া থেকে বিরত রাখবেন না।”
তিনি আরও বলেন,
“বিএনপি জনগণের দল। অতীতেও জনগণের পাশে ছিল, আগামীতেও থাকবে। দীর্ঘ ১৭ বছর ধরে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছি। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন—এই নির্বাচনে জনগণের রায়ই দেশকে এগিয়ে নেবে।”
গণসংযোগ ও উঠান বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ রাশেদা বেগম হীরা, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক মো. হযরত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী শাহীন আক্তার শানু, সাধারণ সম্পাদক নাছরিন রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী।