Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / জামায়াত কোন নারীকে কেন মনোনয়ন দেয়নি - Chief TV

জামায়াত কোন নারীকে কেন মনোনয়ন দেয়নি - Chief TV

2026-02-02  ডেস্ক রিপোর্ট  108 views
জামায়াত কোন নারীকে কেন মনোনয়ন দেয়নি - Chief TV

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নারীদের অবমাননাকর বক্তব্য দিচ্ছেন। তার কথাবার্তা থেকেই বোঝা যায়, তারা ক্ষমতায় এলে নারী সমাজের জন্য অন্ধকার সময় নেমে আসবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, “বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে, নারী মন্ত্রী হয়েছেন—তখন তো কেউ আপত্তি তোলেননি। অথচ এখন বলা হচ্ছে, কোনো নারী দলপ্রধান হতে পারবেন না। তাহলে আপনারা নিজেরা কেন কোনো নারীকে মনোনয়ন দিলেন না?”

তিনি আরও বলেন, “ভেরিফায়েড অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি রহস্যজনক। অল্প সময়ের জন্য হলেও এমন ঘটনা সহজভাবে নেওয়া যায় না।”

সমাবেশে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, জামায়াতের আমির পুরো নারী সমাজকে অপমান করেছেন। তিনি দাবি করেন, আইডি হ্যাক হওয়ার প্রমাণ দিতে না পারলে ডা. শফিকুর রহমানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

তিনি নারীদের জামায়াতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এরা স্বাধীনতাবিরোধী শক্তি। একাত্তরে জামায়াতের লোকজন মা-বোনদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল—এই ইতিহাস ভুলে গেলে চলবে না।”

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, “জামায়াতের আমিরকে নারী সমাজের কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে যে প্রতিবাদের আগুন জ্বলবে, তাতে জামায়াত ছারখার হয়ে যাবে। যে মায়ের গর্ভ থেকে সবাই জন্ম নেয়, সেই নারীদেরই নিচে নামাতে চায় জামায়াত।”


Share: