বরগুনা–২ (বামনা–পাথরঘাটা–বেতাগী) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সুলতান আহমেদ বলেছেন, বিশ্বের প্রভাবশালী শক্তিগুলো সাধারণত ইসলামি নেতৃত্বে সরকার গঠনের পক্ষে নয়। তবে বর্তমান বাস্তবতায় বাংলাদেশে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে জামায়াতে ইসলামীকে একটি কার্যকর শক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
রোববার (২৫ জানুয়ারি) রাতে বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ফুলতলা বিকাশ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
সুলতান আহমেদ বলেন, এবারের জাতীয় নির্বাচন শুধু দেশের মানুষের নয়, আন্তর্জাতিক মহলের কাছেও গুরুত্বপূর্ণ। তাঁর মতে, অতীতের বহু নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল। তাই এবার একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে পারলে বাংলাদেশ নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে গণতন্ত্রের নামে নানা অনিয়ম, ভয়ভীতি, কেন্দ্র দখল ও সহিংসতার অভিযোগ শোনা গেছে। এসব সংস্কৃতি থেকে বেরিয়ে এসে যদি এবারের নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়, তাহলে বিশ্ব দেখবে—বাংলাদেশের জনগণও একটি সুন্দর নির্বাচন আয়োজন করতে সক্ষম।
জনসভায় তিনি ভোটারদের উদ্দেশে বলেন, দেশকে এগিয়ে নিতে হলে সততা, ন্যায়বিচার ও জবাবদিহিতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করতে হবে।