Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / বগুড়া / ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বগুড়ার যুবদল নেতা নিয়ে তোলপাড় - Chief TV

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বগুড়ার যুবদল নেতা নিয়ে তোলপাড় - Chief TV

2026-06-27  ডেস্ক রিপোর্ট  32 views
ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বগুড়ার যুবদল নেতা নিয়ে তোলপাড় - Chief TV

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম সাগরের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

প্রায় এক মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, স্যান্ডো গেঞ্জি পরা অবস্থায় জহুরুল একটি খাটে বসে আছেন। তার হাতে থাকা একটি চিকন পাইপের মতো বস্তু দিয়ে তিনি ধূমপান করছেন। পাশে থাকা আরেকজন ব্যক্তিকে ফয়েল পেপার ও লাইটার ব্যবহার করে তাপ দিতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জহুরুল ইসলামের বিরুদ্ধে আগে থেকেই মাদক সেবন ও বিক্রির অভিযোগ ছিল। তবে এতদিন কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস করেননি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তিনি দলের নাম ব্যবহার করে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

এ বিষয়ে অভিযুক্ত জহুরুল ইসলাম সাগরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে, ফলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ধুনট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু বলেন, দলে কোনো মাদকসেবী বা সন্ত্রাসীর স্থান নেই। বিষয়টি তাদের নজরে এসেছে এবং ইতিমধ্যেই ইউনিয়ন কমিটি বিলুপ্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জহুরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


Share: