Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / খালেদা জিয়া ছিলেন বলেই সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল - Chief TV

খালেদা জিয়া ছিলেন বলেই সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল - Chief TV

2026-01-16  ডেস্ক রিপোর্ট  122 views
খালেদা জিয়া ছিলেন বলেই সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল - Chief TV

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বের কারণেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ ছিল। তার মতে, দেশবিরোধী কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে তাকে কখনো ব্যবহার করা যায়নি বলেই তাকে রাজনৈতিকভাবে দমন করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরাম, ঢাকা-এর উদ্যোগে আয়োজিত এই আলোকচিত্র প্রদর্শনীটি আগামী দুই দিন চলবে।

প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, ভারতের ঝাড়খণ্ড থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের যে প্রকল্প, তা ভারতের নিজস্ব পরিকল্পনা কমিশনই একসময় বাতিল করেছিল। অথচ ফ্যাসিবাদী শাসনামলে একই ধরনের প্রকল্প রামপালে বাস্তবায়ন করা হয়। তিনি দাবি করেন, এ ধরনের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বেগম খালেদা জিয়ার দ্বারা কখনো করানো সম্ভব হয়নি বলেই তাকে কারাবন্দি করা হয় এবং পরিকল্পিতভাবে চিকিৎসা থেকে বঞ্চিত রাখা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশে এখনও বিদ্যমান কয়লা ও গ্যাসের ওপর দখল প্রতিষ্ঠার লক্ষ্যে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরামের সভাপতি মারুফা রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুজন মাহমুদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা আতিকুর রহমান ও দৈনিক করতোয়ার সম্পাদক হেলালুজ্জামান লালুসহ অন্যান্য অতিথিরা।


Share: