যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী উপলক্ষে নিজের ছবিসংবলিত একটি বিশেষ সীমিত সংস্করণের স্মারক পাসপোর্টের নতুন নকশা উন্মোচন করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এই নকশার নমুনা প্রকাশ করেন।
ট্রাম্প তার পোস্টে লেখেন, “যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট, যা বলছে—‘স্বাগতম, তবে ভালো হয়ে থাকুন!’”
প্রকাশিত নকশায় দেখা যায়, পাসপোর্টের একটি পাতায় স্বাধীনতার ঘোষণার ঐতিহাসিক বাণী এবং রেজোলিউট ডেস্কের ওপর ট্রাম্পের একটি ছবি রয়েছে। একই পাতার নিচে রয়েছে তার স্বাক্ষর। বিপরীত পাতায় যুক্ত করা হয়েছে জন ট্রাম্বুলের বিখ্যাত চিত্রকর্ম ‘দ্য ডিক্লারেশন অব ইন্ডিপেনডেন্স’।
নতুন নকশায় ব্যবহৃত ট্রাম্পের ছবিটি ওয়াশিংটনের স্মিথসোনিয়ান ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারিতে থাকা একটি রাষ্ট্রপতির প্রতিকৃতির ওপর ভিত্তি করে তৈরি বলে ধারণা করা হচ্ছে। এটি চলতি বছরের শুরুর দিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত প্রাথমিক নকশার তুলনায় ভিন্ন, যেখানে অন্য একটি ছবি ব্যবহৃত হয়েছিল।
পরবর্তীতে হোয়াইট হাউসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকেও একই নকশার ছবি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, এটি যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী স্মরণে নতুন ইউএস পাসপোর্টের নকশা।
তবে এটি চূড়ান্ত নকশা কি না, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। হোয়াইট হাউস বিষয়টি মার্কিন পররাষ্ট্র দপ্তরের দিকে ইঙ্গিত করেছে। এ বিষয়ে দপ্তরের পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।
চলতি বছরের এপ্রিল মাসে ২৫০তম বার্ষিকী উপলক্ষে সীমিত সংস্করণের এই ভ্রমণ নথির ঘোষণা দেওয়া হয়। তখন জানানো হয়েছিল, এটি বিশেষভাবে ডিজাইন করা হবে এবং সামনে-পেছনে ও ভেতরের কভারে কাস্টম আর্টওয়ার্ক থাকবে।
বর্তমানে প্রচলিত মার্কিন পাসপোর্টে ফোর্ট ম্যাকহেনরির ঐতিহাসিক চিত্রকর্মসহ জাতীয় সংগীতের অংশবিশেষ অন্তর্ভুক্ত রয়েছে, যা যুক্তরাষ্ট্রের জাতীয় ইতিহাসকে প্রতিফলিত করে।