খুলনার রূপসা উপজেলায় অবৈধ অস্ত্রসহ সুলতান মাহমুদ বাপ্পা (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের জয়পুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার বাপ্পা গোপালগঞ্জ জেলার বেতগ্রাম এলাকার শেখ হাফিজুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানার একটি দল জানতে পারে যে জয়পুর গ্রামের একটি বাড়ির সামনে এক ব্যক্তি অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে। পরে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।
অভিযান চলাকালে স্থানীয়রা ওই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করে তার কোমর থেকে একটি বিদেশি ৭.৬৫ ক্যালিবারের পিস্তল এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। অস্ত্রটির গায়ে ‘MADE IN CHINA’ লেখা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে অবৈধ অস্ত্র বহনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।