নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক পরিবারের বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে নারীসহ তিনজন আহত হয়েছেন।
উপজেলার নিতাই ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন লুৎফর রহমানের স্ত্রী হোসনের বেগমসহ আরও দুইজন।
থানা পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী মহুবার রহমান বুদার সঙ্গে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে বসতবাড়িতে হামলা চালায়।
এ সময় ভুক্তভোগীরা বাধা দিতে গেলে তাদের মারধর করে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন,
“ঘটনার পর সাতজনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”