Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / কক্সবাজার / কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে চিকিৎসক অপহরণ, পাহাড়ে অভিযান চলছে - chief tv

কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে চিকিৎসক অপহরণ, পাহাড়ে অভিযান চলছে - chief tv

2026-06-29  ডেস্ক রিপোর্ট  33 views
কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে চিকিৎসক অপহরণ, পাহাড়ে অভিযান চলছে - chief tv

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে বাড়ি থেকে অস্ত্রের মুখে এক পল্লী ও হোমিওপ্যাথিক চিকিৎসককে অপহরণের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালীয়া জুম্মাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃত ব্যক্তি কামাল উদ্দিন ওরফে বিএ কামাল (৬৫), ওই এলাকার মৃত মকবুল আহমদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে হঠাৎ করে পাহাড়ি এলাকা থেকে একদল সশস্ত্র দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে। পরে তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে কামাল উদ্দিনকে জোরপূর্বক তুলে নিয়ে গহীন পাহাড়ি এলাকার দিকে চলে যায়। দুর্বৃত্তদের হাতে ভারী আগ্নেয়াস্ত্র থাকায় কেউ প্রতিরোধ করতে পারেননি। ঘটনার পরপরই বিষয়টি পুলিশ ও বিজিবিকে জানানো হয়।

টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. আবু সাঈদ জানিয়েছেন, অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ভিকটিমকে উদ্ধারে অভিযান শুরু করা হয়েছে। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে পাহাড়ি এলাকায় অভিযান চালাচ্ছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ অপহরণ ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে অপহৃত চিকিৎসককে দ্রুত ও নিরাপদে উদ্ধারের পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে তার পরিবার।


Share: