জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পৃথক দুটি অভিযানে ট্যাপেনটাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ক্ষেতলাল থানার একাধিক কর্মকর্তার সমন্বয়ে গঠিত বিশেষ দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আলমপুর ইউনিয়নের শিবপুর পূর্বপাড়া এলাকা থেকে হাবিবুর রহমান মণ্ডল ওরফে খাজা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ২১টি ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়।
এর কয়েক ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে একই ইউনিয়নের শ্যামপুর এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখানে সুমন মণ্ডল (৩২) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তার কাছ থেকেও ১০টি ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম বলেন, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি জানান, বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।