Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / ক্ষমতায় গেলে স্বাস্থ্য ও কৃষি কার্ড চালুর ঘোষণা - Chief TV

ক্ষমতায় গেলে স্বাস্থ্য ও কৃষি কার্ড চালুর ঘোষণা - Chief TV

2026-02-04  ডেস্ক রিপোর্ট  35 views
ক্ষমতায় গেলে স্বাস্থ্য ও কৃষি কার্ড চালুর ঘোষণা - Chief TV

ক্ষমতায় গেলে স্বাস্থ্যকার্ড ও কৃষিকার্ড চালুসহ নাগরিক সেবা জোরদারে ১২ দফা বিশেষ কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করেন দলের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি জানান, ইশতেহারের নাম দেওয়া হয়েছে ‘জনপ্রত্যাশার ইশতেহার’। মহান মুক্তিযুদ্ধ এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের প্রত্যাশাকে রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত করার লক্ষ্যেই এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে। ক্ষমতায় গেলে ঘোষিত কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

ইশতেহারে উল্লেখ করা হয়, হতদরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য মাসিক ৫ হাজার টাকা নগদ সহায়তা দেওয়া হবে। প্রাথমিক স্তরের সব শিক্ষার্থীর জন্য প্রতিদিন একবেলা পুষ্টিকর খাবারের ব্যবস্থা এবং ১৮ থেকে ২৪ বছর বয়সী যুবকদের জন্য সুদমুক্ত ও জামানতবিহীন এককালীন ঋণের ঘোষণাও দেওয়া হয়েছে।

সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চালু করা হবে স্বাস্থ্যকার্ড। পাশাপাশি কৃষকদের সহায়তায় ভর্তুকিমূল্যে কৃষি উপকরণ সরবরাহ ও বিভিন্ন সেবা সহজলভ্য করতে কৃষিকার্ড চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়।

অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে—দেশে ও বিদেশে চাকরি খোঁজা, পরামর্শ ও প্রশিক্ষণের সুবিধাসহ ন্যাশনাল জব পোর্টাল চালু, কর্মজীবী মায়েদের জন্য পর্যাপ্ত দিবাযত্ন কেন্দ্র স্থাপন, ঢাকাসহ সব নগরে সরকার নিয়ন্ত্রিত ও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাস ব্যবস্থা চালু এবং সেবাকেন্দ্রিক কর ব্যবস্থা প্রবর্তন।

এ ছাড়া সব নাগরিকের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করা, নারী পোশাক শ্রমিকদের জন্য আবাসন ব্যবস্থা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়া, কওমি সনদের পূর্ণ বাস্তবায়ন এবং রাষ্ট্রীয় পদে ওলামায়ে কেরামদের পদায়নের প্রতিশ্রুতিও ইশতেহারে তুলে ধরা হয়।


Share: