কুড়িগ্রাম–৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক ‘ভুয়া’ প্রার্থীর কর্মকাণ্ডে সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। নিজেকে স্বতন্ত্র প্রার্থী দাবি করে ‘কুলা’ প্রতীকে ভোট চেয়ে তিনি পোস্টারিং ও প্রচারণা চালাচ্ছেন। অথচ নির্বাচন অফিসের প্রার্থী তালিকায় তার কোনো নাম নেই।
অভিযুক্ত দুদু জোদ্দার চিলমারী উপজেলার কড়াইবরিশাল নতুন আশ্রয়ণ কেন্দ্র এলাকার ধনীয়া জোদ্দারের ছেলে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সংসদ সদস্য পদে তার কোনো মনোনয়নপত্র জমা হয়নি।
দুদু জোদ্দারের বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ড নতুন নয়। এর আগেও ইউনিয়ন ও উপজেলা নির্বাচনে নিজেকে প্রার্থী দাবি করে ভোটারদের বিভ্রান্ত করেছেন। এমনকি কুড়িগ্রাম–৩ আসনে ‘হেলিকপ্টার’ প্রতীক ব্যবহার করে প্রচারণা চালানোর অভিযোগও রয়েছে।
এ বিষয়ে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তবে দুদু জোদ্দার সাংবাদিকদের বলেন, তিনি যথাযথভাবে মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন এবং নিজেকে বৈধ প্রার্থী হিসেবে দাবি করেন।