ভারতের কর্নাটক রাজ্যের বেঙ্গালুরুতে চাঞ্চল্যকর এক ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, এক তরুণী তার মায়ের অজান্তে ব্যক্তিগত ছবি তুলে সেগুলো নিজের প্রেমিকের কাছে পাঠিয়েছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর ভুক্তভোগী মা নিজ কন্যার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা যায়, পড়াশোনার প্রয়োজনে তরুণী তার বাবা-মার কাছে একটি মোবাইল ফোন চেয়েছিলেন। পরিবারের পক্ষ থেকে সেটি কিনে দেওয়া হয়। কিছুদিন পর পরিবারের সদস্যদের নজরে আসে, তরুণী একজন অচেনা যুবকের সঙ্গে নিয়মিত ফোনে কথা বলছেন। এতে সন্দেহ হওয়ায় তার মা মেয়ের মোবাইল ফোন পরীক্ষা করেন।
ফোন ঘেঁটে তিনি দেখতে পান, নিজেরসহ আরও কয়েকজন পরিচিত নারীর একাধিক ব্যক্তিগত ছবি সেখানে সংরক্ষিত রয়েছে, যেগুলো তাদের অনুমতি ছাড়াই তোলা হয়েছে। অভিযোগ অনুযায়ী, গোপনে তোলা এসব ছবি ওই তরুণী প্রেমিকের কাছে পাঠিয়েছেন।
মাকে জিজ্ঞাসাবাদের সময় তরুণী জানান, ওই যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে এবং তারা নাকি সম্প্রতি গোপনে বিয়েও করেছেন। ঘটনার পর ভুক্তভোগী নারী থানায় গেলে পুলিশ তার অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করে।
পুলিশ ইতোমধ্যে তরুণী ও অভিযুক্ত যুবকের মোবাইল ফোন জব্দ করেছে। দুটি ফোনই ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, ফরেনসিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।