মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে বিএনপি ও জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয়ের পাশ থেকে লাল কস্টেপ মোড়ানো দুটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
একই দিনে একই এলাকায় পৃথক দুই স্থানে বোমা উদ্ধারের ঘটনায় রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানায়, শনিবার (৩১ জানুয়ারি) সকালে দারিয়াপুর গ্রামের বিএনপির একটি নির্বাচনী কার্যালয়ের পাশের ঝোপ থেকে একটি হাতবোমা উদ্ধার করা হয়। স্থানীয়রা বোমাটি দেখতে পেয়ে মুজিবনগর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে।
এর কয়েক ঘণ্টা পর, একই দিন রাত সাড়ে ৮টার দিকে দারিয়াপুর কালীতলা এলাকায় জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিসের সামনে লাল কস্টেপ মোড়ানো আরেকটি হাতবোমা পড়ে থাকতে দেখেন নেতাকর্মীরা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমাটি উদ্ধার করে এবং নিরাপত্তার স্বার্থে পানিভর্তি বালতিতে করে থানায় নিয়ে যায়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল খাইরুল বাসার বলেন,
“রাত ৮টার দিকে আমাদের নির্বাচনী অফিসের সামনে হাতবোমাটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়। এ ঘটনায় আমাদের নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।”
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত জোরদার করা হয়েছে। পাশাপাশি এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।