মেহেরপুরের গাংনী উপজেলার সিন্দুরকোটা গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। ভারত থেকে পাচার হওয়া এসব অস্ত্র ও গুলি গন্তব্যে পৌঁছানোর আগেই উদ্ধার করা সম্ভব হয়। রোববার বাংলাদেশ সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের একটি বিশেষ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর অভিযান সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অস্ত্র ও গুলি পাচার করে আনা হচ্ছিল। পাচারকারীরা পরে সিন্দুরকোটা গ্রামের একটি ভুট্টাক্ষেতে অস্ত্রগুলো ফেলে রেখে পালিয়ে যায়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী সম্ভাব্য গন্তব্য ও পাচারের রুট চিহ্নিত করে অভিযান পরিকল্পনা করে।
গাংনী সেনা ক্যাম্পের মেজর আহমেদ ফজলে রাব্বি নিলয় ও ক্যাপ্টেন মোল্লা রিফাত রায়হান পৃথক দুটি দল নিয়ে ভোরে অভিযান পরিচালনা করেন। এ সময় একটি ব্যাগের ভেতর স্কচটেপে মোড়ানো অবস্থায় একটি ওয়ান শুটার গান, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।