Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ক্যাম্পাস / মোবাইল চুরির অভিযোগে হাবিপ্রবি শিক্ষার্থী নির্যাতিত - Chief TV

মোবাইল চুরির অভিযোগে হাবিপ্রবি শিক্ষার্থী নির্যাতিত - Chief TV

2026-06-25  ডেস্ক রিপোর্ট  23 views
মোবাইল চুরির অভিযোগে হাবিপ্রবি শিক্ষার্থী নির্যাতিত - Chief TV

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মোবাইল ফোন চুরির অভিযোগকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে অপহরণ, চাঁদা দাবি এবং শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষি প্রকৌশল বিভাগের ২৫ ব্যাচের শিক্ষার্থী দারুস সালাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করেছেন।

ভুক্তভোগীর দাবি, গত ১৪ জুন তার সিনিয়র শিক্ষার্থী আরিফ হাসনাত তাদের মেসে রাতযাপন করেন। সেদিন রাতে আরিফের দুটি মোবাইল ফোন, একটি ঘড়ি ও মানিব্যাগ চুরি হয়। একই রাতে দারুস সালামেরও একটি মোবাইল ফোন চুরি যায়। ঘটনার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও আরিফ হাসনাত ও তার বন্ধুরা দারুস সালামসহ মেসের অন্যদের সন্দেহ করতে থাকেন এবং পরে মামলার ভয়ভীতি দেখান।

দারুস সালামের অভিযোগ, গত ২২ জুন রাত ৯টার দিকে চুরি হওয়া ফোন উদ্ধার হয়েছে বলে তাকে মোটরসাইকেলে তুলে নেওয়া হয়। তবে থানায় না নিয়ে দিনাজপুরের ৮ নম্বর নিউ টাউন এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে আরিফের বন্ধু ও নুর হোসেন হলের ছাত্রদলের কর্মী মেজবাহসহ কয়েকজন তাকে প্রায় তিন ঘণ্টা শারীরিক ও মানসিক নির্যাতন করেন।

এ সময় তার কাছে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় বলেও অভিযোগ করেন তিনি। পরে বন্ধুদের কাছ থেকে টাকা সংগ্রহে সহযোগিতা করা এবং ঘটনাটি কাউকে না জানানোর শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়।

নির্যাতনের পর অসুস্থ হয়ে পড়লে ভোরে তার বন্ধুরা তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে বিষয়টি জানান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযুক্ত শিক্ষার্থী আরিফ হাসনাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অন্য অভিযুক্ত মেজবাহও ফোন রিসিভ করেননি।


Share: