নোয়াখালীর সেনবাগ উপজেলার আলোচিত আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ও সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ ওরফে আজাদ মেম্বারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৯ জুন) দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলি আদালত-৪ এর বিচারক নুরজাহান বেগম এ আদেশ দেন।
এর আগে রোববার (২৮ জুন) দুপুরে সেনবাগ থানার সামনে সুলতান প্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তার আজাদ মেম্বার উপজেলার ডমুরুয়া ইউনিয়নের জিরুয়া গ্রামের বাসিন্দা এবং সাবেক ইউপি সদস্য। স্থানীয়ভাবে তিনি আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত, যিনি বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে নিজের বাড়ি ও আশপাশের এলাকা আর্জেন্টিনার পতাকার রঙে সাজিয়ে আলোচনায় আসেন।
তবে তার পরিবারের দাবি, রাজনৈতিক মামলার পাশাপাশি আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের পুরনো বিরোধের কারণেও তাকে হয়রানি করা হচ্ছে।
আসামিপক্ষের আইনজীবী জানান, নিম্ন আদালতে জামিন না হওয়ায় তারা জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করবেন। তারা আশাবাদী, উচ্চ আদালতে জামিন মিলবে।
এদিকে আজাদ মেম্বারের গ্রেপ্তার ও জামিন না পাওয়ার ঘটনায় স্থানীয়ভাবে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।