নোয়াখালীর চাটখিল উপজেলায় সৌদি প্রবাসী মাহমুদুর রহমান তার কষ্টার্জিত অর্থে ক্রয়কৃত সম্পত্তি দখলের অপচেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় উপজেলার ১নং শাহাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রঘুনাথপুর গ্রামের জহির উদ্দিন মিছাবের বাড়িতে।
লিখিত বক্তব্যে মাহমুদুর রহমান অভিযোগ করেন, একই বাড়ির বাসিন্দা মিজান সাংবাদিক পরিচয় ব্যবহার করে তার ক্রয়কৃত জমি দখলের চেষ্টা করছেন। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে তাকে হয়রানি করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, প্রবাসে দীর্ঘদিন কষ্ট করে উপার্জিত অর্থ দিয়ে দেশে সম্পত্তি ক্রয় করলেও বর্তমানে তা নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তিনি সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।