নীলফামারী-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিকের নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সৈয়দপুর শহরের ইকু হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্টে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার রাতে শহরের বাবুপাড়ায় তার নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে জাপা প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার ওপর পরিকল্পিত ও সংঘবদ্ধ হামলা চালানো হয়েছে। এ সময় তার দুটি গাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয় এবং তার সঙ্গে থাকা দুজনসহ পাঁচ নেতাকর্মীকে মারধর করা হয়। প্রকাশ্যে এ ধরনের ঘটনার পরও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হেনস্তা ও নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
তার কার্যালয়ে হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এ সময় জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।