নওগাঁয় জুনায়েদ সাকী (৩৭) নামে এক রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের সামনে থেকে বেওয়ারিশ অবস্থায় মরদেহটি উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি হলুদ রঙের পিকআপ ভ্যান থেকে মরদেহটি ফেলে দিয়ে চালক ও তার সহযোগী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। নিহত জুনায়েদ সাকী বরিশাল জেলার পিরোজপুর এলাকার বাসিন্দা। তিনি ঢাকা রাজস্ব বোর্ডে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছেন নওগাঁ কাস্টমসের সহকারী কমিশনার মো. রাশেদ।
নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, জুনায়েদ ঢাকা থেকে ট্রেনে করে সান্তাহার রেলওয়ে জংশনে নেমে নওগাঁর মহাদেবপুরে স্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। তবে ভোরে ট্রেন থেকে নামার পর তিনি আর বাড়ি ফেরেননি।
ভোর সাড়ে ৫টার দিকে তার ক্ষতবিক্ষত মরদেহ ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের সামনে ফেলে রেখে যায় পিকআপটি। পরে হাসপাতালের কর্মচারীরা তাকে অজ্ঞাত অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নওগাঁ কাস্টমসের সহকারী কমিশনার মো. রাশেদ বলেন, “সান্তাহার থেকে নওগাঁ আসার পথে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে। থানা পুলিশ মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে।”
২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. রেহনুমা মুনমুন বলেন, “মরদেহটি প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনায় নিহত বলে শনাক্ত করা হয়েছে। পরে থানা পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করা হয়।”