Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / খুলনা / অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ - Chief TV

অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ - Chief TV

2026-07-06  জিসান কবিরাজ, খুলনা প্রতিনিধি  45 views
অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ - Chief TV
দীর্ঘদিন ধরে স্থগিত থাকা মোংলা বন্দর শ্রমিক কল্যাণ (সিবিএ) সংঘের নির্বাচন দ্রুত সম্পন্নের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
সভায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ মাহমুদ পারভেজ বলেন, “মোংলা বন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর। এখানে কোনো ধরনের অস্থিতিশীলতা আমরা চাই না। শ্রমিকদের সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই আমাদের লক্ষ্য।”

রোববার (৫ জুলাই) মোংলা বন্দর সিবিএ ভবনে অনুষ্ঠিত সভায় এস এম আসিফ নাইমের সঞ্চালনায় মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী সংঘের আহ্বায়ক নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ মাহমুদ পারভেজ বলেন, একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন পরিচালনা কমিটি আন্তরিকভাবে কাজ করছে। নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য শ্রমিক, প্রশাসন ও সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন।
 
তিনি আরও বলেন, শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং একটি গ্রহণযোগ্য নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়েই বন্দরে স্থিতিশীল ও ইতিবাচক কর্মপরিবেশ নিশ্চিত করা সম্ভব।

সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা যুবদলের সদস্য মোল্লা মাহবুব আলম, মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী সংঘের সাবেক আহ্বায়ক শাহিনুর রহমান, মতিউর রহমান, জাহিদুর রহমানসহ শ্রমিক নেতারা।

বক্তারা অভিযোগ করেন, নানা অজুহাতে বছরের পর বছর সিবিএ নির্বাচন ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময় একটি প্রভাবশালী সিন্ডিকেটের কারণে নির্বাচন প্রক্রিয়া দীর্ঘদিন স্থগিত ছিল।
 
এতে প্রকৃত শ্রমিক নেতৃত্ব গড়ে ওঠেনি এবং সাধারণ শ্রমিকরা তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বক্তারা আরও বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলাকে ঘিরে খুলনা বিভাগের সাধারণ মানুষের কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের ব্যাপক সম্ভাবনা থাকলেও একটি সুবিধাভোগী গোষ্ঠীর প্রভাবের কারণে সেই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না বলে তারা মনে করেন।
 
তাদের মতে, একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক সিবিএ নির্বাচন অনুষ্ঠিত হলে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি বন্দরের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কর্মপরিবেশ আরও শক্তিশালী হবে।

সভায় বক্তারা দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটানোর আহ্বান জানান। একই সঙ্গে শ্রমিকদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
 
বক্তাদের আশা, দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হলে শ্রমিকদের দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তবায়ন হবে এবং মোংলা বন্দরের শ্রমিক রাজনীতিতে গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠিত হবে।

Share: