Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / খুলনা / মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মোংলায় মানববন্ধন - Chief TV

মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মোংলায় মানববন্ধন - Chief TV

2026-06-25  জিসান কবিরাজ, খুলনা প্রতিনিধি  27 views
মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মোংলায় মানববন্ধন - Chief TV
বাগেরহাটের মোংলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মৃধা ফারুকুল ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত কথিত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেলে সুন্দরবন ইউনিয়নের জিউধরা বাজার চত্বরে সর্বসাধারণের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সুন্দরবন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ খোকন শেখ। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা নাজমুল মোল্ল্যা, মুছা আকন, রেজাউল শেখ এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজাহান ফকিরসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, মৃধা ফারুকুল ইসলাম একজন সৎ, জনপ্রিয় ও জনবান্ধব ব্যক্তি। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করে হয়রানির অপচেষ্টা চালাচ্ছে।

বক্তারা আরও বলেন, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন এবং সামাজিকভাবে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে এ ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবি জানান।

এ সময় মৃধা ফারুকুল ইসলাম বলেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছে। তিনি এ মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
 
তিনি বলেন, সবসময় জনগণের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। কোনো মিথ্যা মামলা, অপপ্রচার কিংবা ষড়যন্ত্রের মাধ্যমে তাদের আদর্শ ও আন্দোলনকে ব্যর্থ করা যাবে না।

তিনি প্রশাসনের কাছে অনুরোধ জানিয়ে বলেন, ভিত্তিহীন এ মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

মানববন্ধনে উপস্থিত বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে মিথ্যা মামলার অবসান ঘটাতে হবে। অন্যথায় সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন শেষে বক্তারা ঘোষণা দেন, মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানির অবসান না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।

Share: