Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / ওসমান হাদি কেমন আছেন, জানালেন রাশেদ খাঁন - Chief TV

ওসমান হাদি কেমন আছেন, জানালেন রাশেদ খাঁন - Chief TV

2025-12-13  ডেস্ক রিপোর্ট  123 views
ওসমান হাদি কেমন আছেন, জানালেন রাশেদ খাঁন - Chief TV

ওসমান হাদির অবস্থা খুবই ‘ক্রিটিক্যাল’ বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, ‘এই মুহূর্তে তার জন্যে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। দেশবাসীর প্রতি আমার অনুরোধ, সবাই তার জন্য দোয়া করুন।’

তিনি বলেন, ‘আমি যখন হাসপাতালে তাকে দেখতে গিয়েছি তখন তার মেডিকেল বোর্ড বসেছে। আমি ওসমান হাদির ভাইয়ের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার অবস্থা অপরিবর্তনীয়।’

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘আমি এর আগেও সাংবাদিক ভাইদের বলেছিলাম যে, আগামী নির্বাচন বানচাল করার জন্য আওয়ামী লীগ ৫০ জন প্রার্থীকে টার্গেট করেছে। এরই অংশ হিসেবে শুক্রবার ওসমান হাদিকে গুলি করা হয়েছে। এরপর হয়তো আমি অথবা অন্য কেউ টার্গেটের শিকার হব।’

প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তা কোথায়? প্রার্থীদের নিরাপত্তা না থাকলে তারা কীভাবে নির্বাচনে গণসংযোগ করবে? আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। দেশব্যাপী চিরুনি অভিযান পরিচালনা করতে হবে।’


Share: