ভোটের সময় শান্তিশৃঙ্খলার নামে জামায়াতে ইসলামী ‘শান্তি কমিটি’ গঠন করবে—বিএনপির এমন অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও “আজগুবি” বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, এ ধরনের অভিযোগ কোনো সুস্থ ব্যক্তি বা সুস্থ রাজনৈতিক দল তুলতে পারে না।
রোববার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠকে তারা নির্বাচনসংক্রান্ত কয়েকটি পর্যবেক্ষণ ও দাবি তুলে ধরে, যার মধ্যে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তথাকথিত ‘শান্তি কমিটি’ গঠনের অভিযোগও ছিল।
বৈঠক শেষে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, কিছু রাজনৈতিক দল বিভিন্ন এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার নামে ‘শান্তি কমিটি’ গঠন করতে পারে—এমন তথ্য তারা সিইসিকে অবহিত করেছেন। তিনি বলেন, “শান্তি কমিটি শব্দটি আমাদের কাছে অপছন্দনীয়, যদিও আমরা শান্তিকামী মানুষ।” এ বিষয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, তাদের কাছে এমন কোনো তথ্য নেই এবং এ ধরনের কমিটি গঠনের বিষয়ে কমিশনের কোনো সিদ্ধান্তও হয়নি।
এরপর একই দিন বিকেলে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল, নারী প্রতিনিধিদের উপস্থিতিতে, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘শান্তি কমিটি’ নিয়ে আনা অভিযোগ সম্পূর্ণ অবান্তর। তার ভাষায়, এ ধরনের কথা কোনো সুস্থ বিবেচনা থেকে আসতে পারে না। তিনি আরও বলেন, যারা এমন অভিযোগ করছেন, তাদের জন্য জামায়াত সুস্থতা কামনা করে।