রংপুরের কাউনিয়ায় র্যাবের অভিযানে বাঁশের ঢালির (ঝুড়ি) ভেতর থেকে প্রায় সোয়া তিন লাখ টাকা মূল্যের ১৬ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বাধীন মণ্ডল (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১৩ রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১২ জানুয়ারি) বিকেলে কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদিবাড়ি রেলগেট এলাকায় আরকে মহাসড়কের পাশে অভিযান পরিচালনা করে। এ সময় স্বাধীন মণ্ডলের কাছে থাকা আটটি বাঁশের ঢালির (ঝুড়ি) ভেতর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত স্বাধীন মণ্ডল বগুড়া সদরের ছোট কুমিরিয়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে। উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাকে কাউনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ২৮ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, সোমবার স্বাধীন মণ্ডলকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।