Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চট্টগ্রাম / শ্রী রামচন্দ্রকে অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের মানববন্ধন - Chief TV

শ্রী রামচন্দ্রকে অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের মানববন্ধন - Chief TV

2026-06-27  মিঠুন সাহা, চট্টগ্রাম প্রতিনিধি  27 views
শ্রী রামচন্দ্রকে অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের মানববন্ধন - Chief TV

সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রী রামচন্দ্রকে অবমাননার অভিযোগের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে জাগো হিন্দু পরিষদ।

শুক্রবার (২৬ জুন) বিকেল ৩টায় নগরীর চেরাগি পাহাড় মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে চট্টগ্রামের বিভিন্ন জেলা, উপজেলা ও থানা কমিটির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য দেবতা শ্রী রামচন্দ্রকে নিয়ে অবমাননাকর মন্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, ধর্মীয় অবমাননামূলক বক্তব্য বা প্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা সব ধর্মের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদের প্রধান উপদেষ্টা মিলন কান্তি শর্মা, লিটু সূত্রধর, লিপন কান্তি সিংহ, হিরু সুশীল, সুমন দে, অরূপ দাস রুবেল, শ্যামল ঘোষ, শ্যামল দাশ, লিমন দাস, শুভ রাধিকা, দেবানন ভট্টাচার্য, দেবী পরিষদের জয়শ্রী শীল, পূজা দাশসহ সংগঠনের বিভিন্ন জেলা, উপজেলা ও থানা কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা।

সংগঠনের নেতারা বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহনশীলতা এবং সকল ধর্মের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। পাশাপাশি ধর্মীয় অবমাননামূলক বক্তব্য বা প্রচারের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।


Share: