সরকারি কর্মকর্তাদের পাঁচ বছরের বেশি একই পদে চাকরি করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “তাহলে তাদের মাইন্ডসেট এক জায়গায় আটকে যায়, সৃজনশীলতা নষ্ট হয়। প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ বছর পরপর নতুন করে শুরু করা উচিত। কারণ সময়ের সঙ্গে লক্ষ্য পরিবর্তন হলেও মানুষ সেই প্রতিষ্ঠানে পুরোনো ধ্যান–ধারণা নিয়েই বসে থাকে।”
বুধবার দুপুরে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, “এটি এক ধরনের দাসপ্রথার শামিল। উদ্যোক্তা তৈরির জন্য সরকারকে সহায়তা করতে হবে।”
তিনি আরও বলেন, “দেশের রাজনীতিতে যেমন জুলাই আন্দোলন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিল, তেমনি ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। জুলাই আন্দোলনের তরুণরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে। জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করার পর যে গণবিক্ষোভ তৈরি হয়েছিল, তার ফলেই এক মহাশক্তিশালী সরকারের পতন ঘটে।”
ড. ইউনূস বলেন, “ডিজিটাল খাতই এখন মূল খাত। এখান থেকেই পরিবর্তনের সূচনা হবে এবং এই খাতের প্রভাব পড়বে অন্যান্য সব খাতে।”
বাংলাদেশের ভাবমূর্তি প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ জালিয়াতিতে সেরা হয়েছে—এতে বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। প্রযুক্তিতে এগোতে হলে এই জালিয়াতি বন্ধ করতে হবে। বাংলাদেশকে নিয়ে আমরা মাথা উঁচু করে চলতে চাই। আমাদের সেই সামর্থ্য রয়েছে।”