Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের প্রশাসনের জরুরি ও কড়া নির্দেশ - Chief TV

টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের প্রশাসনের জরুরি ও কড়া নির্দেশ - Chief TV

2026-07-10  ডেস্ক রিপোর্ট  24 views
টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের প্রশাসনের জরুরি ও কড়া নির্দেশ - Chief TV

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে হাওর পর্যটনের অন্যতম আকর্ষণ টাঙ্গুয়ার হাওরে ভ্রমণকারী পর্যটক ও হাউসবোট পরিচালনাকারীদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান স্বাক্ষরিত এক নির্দেশনায় এ সতর্কবার্তা দেওয়া হয়।

নির্দেশনায় জানানো হয়, সুনামগঞ্জ জেলা ও ভারতের মেঘালয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। অব্যাহত বর্ষণে জেলার সুরমা, কুশিয়ারা, যাদুকাটা নদীসহ বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বাড়ছে এবং কয়েকটি নদীর পানি বিপদসীমার কাছাকাছি বা ওপরে প্রবাহিত হচ্ছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়া, পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে হাওরে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ অবস্থায় পর্যটকদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে যাত্রা না করার জন্য হাউসবোট মালিক ও পর্যটকদের প্রতি আহ্বান জানিয়েছে প্রশাসন।

একই সঙ্গে হাউসবোটে অতিরিক্ত যাত্রী বহন না করা, পর্যাপ্ত মানসম্মত লাইফজ্যাকেট ও লাইফবয় রিং রাখাসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের সতর্কবার্তা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা পরিস্থিতির আরও অবনতি হলে হাউসবোট চলাচল সাময়িক বন্ধের নির্দেশ দেওয়া হতে পারে এবং সে সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউর রহমান জানান, বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোকাবিলায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। বর্তমানে হাওরে পর্যটন কার্যক্রম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।


Share: