Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / খেলাধুলা / ভারতে বিশ্বকাপ না খেলতে চেয়ে আইসিসিকে বিসিবির চিঠি - Chief TV

ভারতে বিশ্বকাপ না খেলতে চেয়ে আইসিসিকে বিসিবির চিঠি - Chief TV

2026-01-04  ডেস্ক রিপোর্ট  159 views
ভারতে বিশ্বকাপ না খেলতে চেয়ে আইসিসিকে বিসিবির চিঠি - Chief TV

আইপিএল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের ক্রীড়াঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগপর্বে ভারতের ভেন্যুতে বাংলাদেশের চারটি ম্যাচ নির্ধারিত থাকলেও, সেখানে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

রোববার দুপুরে অনুষ্ঠিত বিসিবির জরুরি বোর্ড সভায় ১৭ জন পরিচালক সর্বসম্মতভাবে এই সিদ্ধান্তে পৌঁছান। সভা শেষে জানানো হয়, ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচেই অংশ নেবে না বাংলাদেশ দল। এই সিদ্ধান্তের বিষয়টি ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

বিসিবি সূত্রে জানা গেছে, শুরুতে আইসিসিকে একাধিক বিষয়ে অবহিত করার চিন্তা থাকলেও শেষ পর্যন্ত একটি স্পষ্ট দাবিতেই অবস্থান নিয়েছে বোর্ড। সেই দাবি অনুযায়ী, বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো যেন ভারতের বাইরে অন্য কোনো ভেন্যুতে আয়োজন করা হয়।

এই সিদ্ধান্তের পেছনে মূলত মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া নিরাপত্তা উদ্বেগ এবং ন্যায়সংগততার প্রশ্নকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে দেশের ক্রীড়াঙ্গনের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট মহলেও আলোচনা শুরু হয়েছে।

আইসিসিকে পাঠানো বিসিবির ই-মেইলে জানানো হয়েছে, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কার কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়। সে কারণেই বিকল্প ভেন্যুর আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে পাকিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক ও রাজনৈতিক বিরোধের কারণে পাকিস্তান দলের সব ম্যাচই শ্রীলঙ্কার ভেন্যুতে নির্ধারিত হয়েছিল।

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের ক্ষেত্রেও অনুরূপ সিদ্ধান্ত নেওয়া হবে কি না, সে বিষয়ে এখন আইসিসির অবস্থানের দিকেই তাকিয়ে আছে ক্রিকেট বিশ্ব।


Share: