Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / ভারতের সঙ্গে চুক্তির কথা ভিত্তিহীন, এটা জামায়াতের অপপ্রচার - Chief TV

ভারতের সঙ্গে চুক্তির কথা ভিত্তিহীন, এটা জামায়াতের অপপ্রচার - Chief TV

2026-01-24  ডেস্ক রিপোর্ট  118 views
ভারতের সঙ্গে চুক্তির কথা ভিত্তিহীন, এটা জামায়াতের অপপ্রচার - Chief TV

ভারতের সঙ্গে বিএনপির কোনো চুক্তি নেই—এ ধরনের বক্তব্যকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক অপপ্রচার বলে মন্তব্য করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

এর আগে গত বৃহস্পতিবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া এলাকায় এক নির্বাচনী সমাবেশে জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দাবি করেন, ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক খবরে বিএনপির শীর্ষ নেতৃত্ব ভারতের সঙ্গে তিনটি শর্তে চুক্তি করেছে বলে উল্লেখ রয়েছে। এ দাবির পরিপ্রেক্ষিতেই বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানান মাহদী আমিন।

তিনি বলেন, জামায়াতের ওই নেতা তার বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি এবং ভবিষ্যতেও পারবেন না। যে তথ্য গণমাধ্যমে এসেছে বলে দাবি করা হচ্ছে, তার ন্যূনতম কোনো বাস্তব ভিত্তি নেই। এটি রাজনৈতিক বিতর্ক তৈরির কৌশল কিংবা উদ্দেশ্যমূলক অপপ্রচার বলেই বিএনপি মনে করে। ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হলে সেটি সংশ্লিষ্ট নেতার অজ্ঞতাও হতে পারে। তবে বিএনপির অবস্থান পরিষ্কার—ভারতের সঙ্গে বিএনপির কোনো চুক্তির প্রশ্নই ওঠে না।

মাহদী আমিন আরও বলেন, বিএনপি ইতিবাচক রাজনীতিতে বিশ্বাস করে। অপপ্রচার, অপকৌশল কিংবা অপরাজনীতির কোনো স্থান গণতান্ত্রিক আন্দোলনে নেই। তারেক রহমানের নেতৃত্বে বিএনপির রাজনীতির মূল ভিত্তি হচ্ছে বাংলাদেশের স্বার্থ রক্ষা, সার্বভৌমত্ব বজায় রাখা এবং জনগণের ক্ষমতায়ন।

দলের অতীত ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, তিস্তা ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে বিএনপি ধারাবাহিক আন্দোলন করেছে। সীমান্তে ফেলানি হত্যার ঘটনায় প্রথম প্রতিবাদও করেছে বিএনপি। শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়াই বিএনপির রাজনৈতিক ঐতিহ্য। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সব সময় অগ্রণী ভূমিকা পালন করবে।

এ সময় তিনি ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান। মাহদী আমিন বলেন, একটি প্রতারক চক্র এসব কার্ড দেওয়ার নাম করে কিছু এলাকায় অর্থ আদায়ের চেষ্টা করছে। কার্ডের নামে কেউ টাকা চাইলে তা সম্পূর্ণ অবৈধ ও অগ্রহণযোগ্য। এ ধরনের ঘটনার তথ্য বিএনপিকে জানাতে এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে নাগরিকদের অনুরোধ জানান তিনি। পাশাপাশি বিএনপি ক্ষমতায় এলে এসব কার্ড বিনামূল্যে ও রাষ্ট্রীয় উদ্যোগে প্রকৃত উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হবে বলেও আশ্বাস দেন।

নির্বাচনী হটলাইন চালু

মাহদী আমিন জানান, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও নাগরিকবান্ধব নির্বাচন নিশ্চিত করতে বিএনপির পক্ষ থেকে একটি ‘ইলেকশন হটলাইন’ চালু করা হয়েছে। নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও নির্বাচনসংক্রান্ত তথ্য দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। হটলাইন নম্বর ১৬৫৪৩ এবং হোয়াটসঅ্যাপ হটলাইন নম্বর ০১৮০৬৯৭৭৫৭৭।


Share: