ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে এক ব্যতিক্রমী ঘটনার জন্ম হয়েছে সিরাজগঞ্জে। ভোট দিতে এসে কেন্দ্রেই এক গৃহবধূ কন্যা সন্তানের জন্ম দেন। পরে পরিবারের সদস্যরা নবজাতকের নাম রাখেন ‘খালেদা’। খবর পেয়ে মা ও শিশুকে দেখতে তাদের বাড়িতে যান মো. আমিনুল ইসলাম।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই গ্রামে নবজাতকের বাড়িতে উপস্থিত হন। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও তার সঙ্গে ছিলেন। তিনি মা ও শিশুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সঙ্গে কথা বলেন।
পরিবার সূত্রে জানা যায়, পাঙ্গাসী ইউনিয়নের ৮১ নম্বর বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে গেলে হঠাৎ ওই গৃহবধূর প্রসব বেদনা শুরু হয়। পরে দ্রুত ব্যবস্থা নেওয়া হলে সেখানেই একটি কন্যা সন্তানের জন্ম হয়। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।
এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে নবজাতকের মাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি শিশুর জন্মনিবন্ধন সনদ, কিছু নগদ অর্থ, মা ও শিশুর জন্য প্রয়োজনীয় পোশাক এবং একটি শুভেচ্ছা সনদ প্রদান করা হয়।
নবজাতকের মা মোছা. আম্বিয়া খাতুন এবং বাবা মো. শরিফ আলী। তাদের বাড়ি রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই গ্রামের পশ্চিমপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দারা এই ঘটনাকে নির্বাচন দিনের একটি স্মরণীয় ও আনন্দঘন মুহূর্ত হিসেবে দেখছেন।