Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / যে প্রতীক পেলেন তাসনিম জারা - Chief TV

যে প্রতীক পেলেন তাসনিম জারা - Chief TV

2026-01-21  ডেস্ক রিপোর্ট  199 views
যে প্রতীক পেলেন তাসনিম জারা - Chief TV

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. তাসনিম জারা। তিনি নির্বাচনী প্রতীক হিসেবে ফুটবল পেয়েছেন। বুধবার দুপুরে ঢাকা বিভাগীয় নির্বাচন কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই প্রতীক গ্রহণ করেন।

প্রতীক গ্রহণের পর ডা. তাসনিম জারা তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানিয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, “সকল বাধা পেরিয়ে ফুটবল ⚽️ প্রতীক নিয়েই আমরা নির্বাচন করছি!”

এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, গত কয়েক দিন ধরে তিনি ঢাকা-৯ আসনের খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন। এসব এলাকায় ভোটারদের সঙ্গে আলাপের সময় অনেকেই জানতে চেয়েছেন, তিনি কোন প্রতীকে নির্বাচন করছেন, যাতে ব্যালট পেপারে সহজেই তাঁকে খুঁজে পাওয়া যায়। আজ সেই প্রশ্নের একটি স্পষ্ট উত্তর পাওয়া গেল বলে তিনি উল্লেখ করেন।

ডা. তাসনিম জারা আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং আগামীকাল থেকেই তাঁর নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার যে রাজনীতি তিনি দেখতে চান, সেই দর্শনকে ভিত্তি করেই তাঁর নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে। এ জন্য তিনি সবার দোয়া ও শুভকামনা কামনা করেন।

উল্লেখ্য, ডা. তাসনিম জারা আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির জোট গঠন নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে তিনি দলটি ত্যাগ করেন। পরবর্তীতে তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।

গত ৩ জানুয়ারি তাঁর মনোনয়নপত্র বাতিল করা হলেও তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। আপিলের পর ১০ জানুয়ারি তাঁর প্রার্থিতা বৈধতা পায়। তখনই তিনি জানিয়েছিলেন, নির্বাচনী প্রতীক হিসেবে ফুটবল প্রতীকই তাঁর পছন্দ।


Share: