লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ফুটবল দ্বৈরথ নিয়ে আলোচনা যেন কখনো শেষ হওয়ার নয়। মাঠের লড়াইয়ের পাশাপাশি এই দুই মহাতারকার ভক্তদের মধ্যেও চলে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। আর রোনালদোর সবচেয়ে আলোচিত ভক্ত মার্কিন ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর ‘আইশোস্পিড’ এবার নতুন করে আলোচনায় এসেছেন মেসির পেনাল্টি মিসের ঘটনাকে ঘিরে।
বিশ্বকাপের শেষ ষোলোর মিশর-আর্জেন্টিনা ম্যাচে মেসির প্রতিপক্ষ শিবিরে অবস্থান নেন স্পিড। ম্যাচে মিশরের গোলের পর গ্যালারিতে তার উচ্ছ্বাসও নজরে আসে। তবে সবচেয়ে বেশি আলোচনা শুরু হয় মেসির পেনাল্টি নেওয়ার সময় স্পিডের অদ্ভুত আচরণ নিয়ে।
ম্যাচের শুরুতেই মিশরের কাছে গোল হজম করে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। পরে পেনাল্টি পেয়ে সমতায় ফেরার সুযোগ আসে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সামনে। স্পট কিকে দায়িত্ব নেন লিওনেল মেসি। কিন্তু মিশরের গোলরক্ষক মোস্তফা শোবের দুর্দান্ত দক্ষতায় মেসির শট ঠেকিয়ে দেন।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ভিডিও প্রকাশ করেন আইশোস্পিড। সেখানে দেখা যায়, মেসি শট নেওয়ার প্রস্তুতি নেওয়ার সময় গোলপোস্টের পেছনের গ্যালারি থেকে চিৎকার করতে থাকেন তিনি। এমনকি মনোযোগ নষ্ট করার উদ্দেশ্যে কুকুরের মতো শব্দ করা ও তার স্বভাবসুলভ অদ্ভুত অঙ্গভঙ্গিও করতে দেখা যায় তাকে।
মেসির পেনাল্টি মিসের পর স্পিডকে বলতে শোনা যায়, ‘এটা কি আসলেই কাজ করেছে? ও মাই গড, এটা কি কাজ করেছে?’ এরপর তিনি দাবি করেন, ‘আমি মেসির মনোযোগ নষ্ট করে দিয়েছি।’
স্পিডের এমন কাণ্ডে ক্ষুব্ধ হয়েছেন আর্জেন্টিনা সমর্থকদের অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সমালোচনাও চলছে ব্যাপকভাবে। তবে মজার বিষয় হলো, বিশ্বকাপে স্পিড যেসব দলের সমর্থনে গ্যালারিতে হাজির হয়েছেন, তাদের অনেকেই শেষ পর্যন্ত হারের মুখ দেখেছে।
গ্রুপ পর্বে কেপ ভার্দে, নকআউটে মিশর, এরপর ব্রাজিল ও নিজের প্রিয় খেলোয়াড় রোনালদোর দল পর্তুগালের সমর্থনে মাঠে ছিলেন স্পিড। এসব ম্যাচেই তার সমর্থন পাওয়া দলগুলো বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। ফলে মেসি ভক্তদের কাছে এখন রসিকতার বিষয় হয়ে উঠেছে ‘স্পিডের সমর্থন মানেই বিদায়’ তত্ত্ব।
এদিকে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচেও স্পিড যেন প্রতিপক্ষ দলের সমর্থন করেন— এমনটাই মজা করে চাইছেন মেসি ভক্তরা।