ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ম্যাচের রেফারিং সিদ্ধান্ত নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ম্যাচ পরিচালনা নিয়ে বিভিন্ন পক্ষের অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রতিক্রিয়া নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া।
প্রতিবেদন অনুযায়ী, ম্যাচে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ার এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দলের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। এ সময় ‘Fifanic’ শব্দ ব্যবহার করে নানা ধরনের মিম ও ব্যঙ্গাত্মক পোস্ট ছড়িয়ে পড়ে।
দাবা কিংবদন্তি গ্যারি কাসপারভ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, মিশরের একটি গোল দূরের একটি ফাউলের কারণে বাতিল করা হলেও একই ধরনের পরিস্থিতিতে আর্জেন্টিনার একটি গোল বহাল রাখা হয় এবং সেটি ভিএআরে পুনরায় যাচাই করা হয়নি। তার মতে, এ ধরনের সিদ্ধান্ত ফিফার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিশরের কোচ হোসাম হাসানও রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি দাবি করেন, তাদের একটি পেনাল্টি দেওয়া হয়নি এবং একটি গোল বাতিলের কারণও পরিষ্কার করা হয়নি। এমনকি এ ঘটনার পর টুর্নামেন্টের বাকি ম্যাচ দেখার আগ্রহ কমে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যঙ্গাত্মক ছবি, ভিডিও ও মিম ছড়িয়ে পড়ে। অনেক ব্যবহারকারী অর্থ ওড়ানোর প্রতীকী ভিডিও প্রকাশ করেন। পাশাপাশি জনপ্রিয় সিনেমা ‘টাইটানিক’-এর পোস্টার সম্পাদনা করে সেখানে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি ও ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর ছবি যুক্ত করেও পোস্ট করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়া টুডের একটি ব্যঙ্গচিত্রও অনলাইনে আলোচনায় আসে। একই সঙ্গে মিশরের সমর্থকদের একটি অংশ দাবি করেন, ম্যাচে রেফারির বেশ কিছু সিদ্ধান্ত তাদের দলের বিপক্ষে গেছে।
দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এ ঘটনার পর মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবো রিদা আনুষ্ঠানিক অভিযোগ করেছেন বলে দাবি করা হয়েছে।