Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / আ.লীগ-বিএনপি থেকে জামায়াতে যোগ দিলে দায়-দায়িত্ব নেব আমরা - Chief TV

আ.লীগ-বিএনপি থেকে জামায়াতে যোগ দিলে দায়-দায়িত্ব নেব আমরা - Chief TV

2026-01-01  ডেস্ক রিপোর্ট  162 views
আ.লীগ-বিএনপি থেকে জামায়াতে যোগ দিলে দায়-দায়িত্ব নেব আমরা - Chief TV

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, চাঁপাইনবাবগঞ্জ–৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির অধ্যাপক লতিফুর রহমান বলেছেন, আগামী দিনে বাংলাদেশে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন আসতে যাচ্ছে। তিনি দাবি করেন, যারা আওয়ামী লীগ বা বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে যোগ দেবেন, তাদের নিরাপত্তা ও দায়িত্ব দল থেকে নেওয়া হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া মদনমোড় এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক লতিফুর রহমান বলেন, জামায়াতে ইসলামী এখন আর আগের অবস্থায় নেই; দলটি আগের চেয়ে অনেক বেশি সংগঠিত ও শক্তিশালী। তিনি বলেন, আওয়ামী লীগ বা বিএনপি থেকে যারা জামায়াতে আসছেন, তারা যেন কোনো ধরনের ভয় বা দ্বিধায় না থাকেন। আইন, আদালত কিংবা থানা–সংক্রান্ত যেকোনো বিষয়ে দলের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, “নবাবগঞ্জ এলাকার সব সমস্যার দিকে আমি নিজেই নজর রাখছি। যারা আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দিয়েছেন, তারা নিশ্চিন্ত থাকতে পারেন। ইনশাআল্লাহ, আপনাদের বিষয়ে সব ধরনের দায়িত্ব আমরা নেব।”

ধর্মীয় বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, মানুষের তৈরি দল নয়, আল্লাহর নির্দেশিত পথেই রাজনীতি করা উচিত। কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, মানুষের প্রতিটি কাজের হিসাব নেওয়া হবে। তিনি আরও বলেন, ভালোবাসা, শত্রুতা কিংবা দান—সবই আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত।

সাবেক এই সংসদ সদস্য জানান, জামায়াতে ইসলামী শুধু আওয়ামী লীগ বা বিএনপির নেতাকর্মীদের নয়, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরও দাওয়াত দিচ্ছে। তিনি দাবি করেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, এমনকি হিন্দু সম্প্রদায়ের লোকজনও দলে দলে জামায়াতে যোগ দিচ্ছেন।

নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে অধ্যাপক লতিফুর রহমান বলেন, তিনি নিজে একটি আওয়ামী লীগ পরিবারের সন্তান এবং ১৯৭১ সালের শহীদ পরিবারের সদস্য। স্বাধীনতার আগ ও পরবর্তী সময়ে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন বলেও দাবি করেন। তিনি জানান, ইসলামী ছাত্রশিবিরের মাধ্যমে তিনি ধর্মীয় শিক্ষা ও ইসলামী জীবনব্যবস্থার সঙ্গে পরিচিত হন।

তিনি অভিযোগ করেন, যারা আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং এখন জামায়াতে যোগ দিয়েছেন, তাদের বাড়িতে পুলিশ পাঠিয়ে হয়রানি করা হচ্ছে। এ ধরনের আচরণ থেকে বিরত থাকতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, জামায়াতে ইসলামীকে নিয়ে নেতিবাচক মন্তব্য করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা সাধারণ মানুষ আর গ্রহণ করছে না। তার মতে, রাজনৈতিক দলগুলোর উচিত অতীত নিয়ে কটূক্তির বদলে ভবিষ্যৎ পরিকল্পনা ও জনগণের জন্য কী করতে চায়—তা স্পষ্টভাবে তুলে ধরা।


Share: