দুইটি হত্যা মামলা এবং একটি হত্যা চেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমের জামিন বহাল রেখেছেন হাইকোর্ট।
সোমবার (২৯ জুন) এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে মমতাজ বেগমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু ও আইনজীবী সারা হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
আদালত সূত্রে জানা যায়, রুল যথাযথ ঘোষণা করে পূর্বের দেওয়া জামিন বহাল রাখার সিদ্ধান্ত দেন হাইকোর্ট।
শুনানি শেষে আইনজীবী মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের বলেন, দুটি হত্যা ও একটি হত্যা চেষ্টা মামলায় জারি করা রুল নিষ্পত্তি করে মমতাজ বেগমের জামিন বহাল রাখা হয়েছে।